লোহাগড়া থানার সাবেক ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

 
নড়াইলের লোহাগড়া থানার সাবেক ওসি, পাঁচজন এসআই, তিনজন এএসআই, চারজন কনস্টেবল, চিকিৎসকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লোহাগড়া উপজেলার এক ইউনিয়নের চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে এ মামলা করা হয়।  
 
সোমবার উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মতিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেন।
 
বিচারক জাহিদুল আজাদ মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
 
মামলার আসামিরা হলেন-লোহাগড়া থানার সাবেক ওসি বিপ্লব কুমার সাহা, একই থানার সাবেক এসআই মো. নয়ন পাটোয়ারী, শিমুল কুমার দাস, নাসির উদ্দিন আকন্দ, মিহির কান্তি পাল ও শাহীনুর রহমান, এএসআই মাসুদুর রহমান, আব্দুল হাকিম ও তানবির হোসেন, কনস্টেবল হাফিজুর রহমান, আব্দুস সামাদ, রাজিউল ইসলাম, নাসির হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শরিফুল ইসলাম এবং সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল মোর্শেদ মুন।
      
মতিয়ার রহমান বলেন, কোনো কারণ ছাড়াই সেদিন পুলিশ আমাকে হত্যার উদ্দেশ্যে  বেদম মারধর করে এবং এ কাজে সহায়তা করে শেখ শরিফুল ইসলাম। এতোদিন এসব পুলিশ কর্মকর্তা লোহাগড়া থানায় কর্মরত থাকায় মামলা করতে পারিনি। এখন এসব পুলিশ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়ায় মামলা করেছি।
 
ইত্তেফাক/ আরকেজি