কুমিল্লার তিতাসে সদর কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর-নারান্দিয়া ভায়া দুঃখিয়ারকান্দি সড়কটি এখন যেন ফসলী জমিতে পরিণত হয়েছে। প্রবল বর্ষণ, গ্যাস সংযোগের জন্য রাস্তা কর্তন ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে প্রায় ৩ কিলোমিটার পিচঢাল পথটির এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। যার ফলে দুই ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রায় ১২টি গ্রামের মানুষের চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ঝুঁকি ও অতিরিক্ত ভাড়া নিয়ে চলতে হচ্ছে এপথের যাত্রীদের।
জানা যায়, জনগুরুত্বপূর্ণ বন্দরামপুর-নারান্দিয়া ভায়া দুঃখিয়ারকান্দি সড়কটি গত ২ বছর আগে পিচঢালার মাধ্যমে যোগাযোগের উপযোগী করা হয়। রাস্তাটি মেরামতের পরপরই একটি চক্র গ্যাস সংযোগের নামে প্রায় শতাধিক স্থানে গর্ত খোঁড়াখুঁড়ি করায় রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। খাড়ার উপর মরার ঘা হয়ে দাঁড়ায় এবছরের প্রবল বর্ষণ। এ রাস্তায় প্রায় শতাধিক যানবাহন চলাচল থাকায় সময়ের সাথে পাল্টে যায় গ্রামীণ এ জনপথের দৃশ্য। এপথে চলাচলে ঝুঁকি সৃষ্টি হওয়ায় স্থানীয় কিছু যুবক স্বেচ্ছায় রাস্তাটির কিছু কিছু অংশ মেরামত করলেও পুনরায় বৃষ্টিতে তা পূর্বের অবস্থা ধারণ করে। এতে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের মালিক ও ড্রাইভারগণ।
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাহ উদ্দিন বলেন, এলজিইডি নির্মিত এ রাস্তায় নারান্দিয়া ইউনিয়নের দুঃখিয়ারকান্দি, নয়াকান্দি, ভাটিবন, সোনাকান্দা, তাড়িয়াকান্দি, উত্তর নারান্দিয়া, তুলাকান্দি ও বালুয়াকান্দি এবং কড়িকান্দি ইউনিয়নের চররাজাপুর, তিতাস নদী নতুন চর, বন্দরামপুর গ্রামের শতশত শিক্ষার্থীসহ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয় ও গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তাটি পরিদর্শন শেষে আমি একাধিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করেছি। আশা করি রাস্তাটি মেরামতের কাজ শীঘ্রই শুরু হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, রাস্তাটি পরিদর্শন শেষে প্রক্কালন ব্যয় নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কমৃকর্তা মকিমা বেগম বলেন, রাস্তাটি আমি পরিদর্শন করেছি। খুবই করুণ অবস্থা। উপজেলা প্রকৌশলীর সাথে আলাপ করে দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/নূহু