নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফেনী পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনির নিখোঁজের সাতদিন পর আরাফাত হোসেন শুভ (১৩) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার ভোরে শহরতলীর তেমুহনি বাজার সংলগ্ন মাথিয়ারায় কলা বাগানের একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিয়াম (১৭), সাফায়াত (১৮), রুবেল (৩০), সেলিমকে (৪৫) আটক করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকালে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পুলিশকে অবগত করে থানায় জিডি করেন নিহতের মামা জালাল আহম্মদ। পরে আটকৃত একাধিক কিশোরের দেওয়া তথ্য মতে রবিবার ভোরে তেমুহনি বাজারের একটি দোকান থেকে তার ব্যবহৃত সাইকেল ও পরে ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ফেনী জেলা সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: রেল পুলিশের হাতে মার খেলো পুলিশ দম্পতি

নিহত আরাফাত হোসেন শুভ পাশ্ববর্তী দক্ষিণ কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইমাম হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে শুভ সবার বড়। সে তেমুহনী বাজারে অবস্থিত মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 

স্থানীয় পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, ঘটনার সঙ্গে জড়িত যেই হোক না কেন তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এই ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনও থানায় মামলা করেনি। 

ইত্তেফাক/জেডএইচ