অভিষেকেই ইতিহাসের চূড়ায়!

স্পোর্টস রিপোর্টার

আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। কে জানতো, এটাই হয়ে রইবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ!

বলা হচ্ছে আলজারি জোসেফের কথা। শনিবার রাতে প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেই বাজিমাত্ করলেন তিনি। মাত্র ১২ রান হজম করে তিনি নিয়েছেন ছয়টি উইকেট। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ১২ বছরের ইতিহাসে এখন এটাই সেরা বোলিং ফিগার।

এই পারফরম্যান্সের সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্স ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। টুর্নামেন্টের মাঝপথেই ঘরোয়া ক্রিকেট খেলতে দেশে ফিরতে হয়েছে লাসিথ মালিঙ্গাকে। তার বদলি হিসেবে খেলতে নেমে কি দারুণ ভাবেই না চমকে দিলেন এই ক্যারিবিয়ান।

এর আগে আইপিএলের সেরা বোলিং ফিগারটির মালিক ছিলেন এক পাকিস্তানি। তিনি হলেন সোহেল তানভির। প্রথম আসরে এই পেসার ১৪ রানে নিয়েছিলেন ছয় উইকেট। এবার তাকে ছাড়িয়ে গেলেন ২২ বছর বয়সী জোসেফ। এই নিয়ে আইপিএলে মাত্র দ্বিতীয়বারের মত কোনো অভিষিক্ত বোলার প্রথম ম্যাচেই পাঁচ কিংবা তার বেশি সংখ্যক উইকেট নিলেন। আগে এই কীর্তি ছিল কেবল অ্যান্ড্রু টাইয়ের।

তিন ওভার চার বল বোলিং করেছেন তিনি। এর মধ্যে একটা মেইডেনও দিয়েছেন তিনি। ম্যাচ শেষে জোসেফ বলেন, ‘এটা অবিশ্বাস্য। স্বপ্নের মত একটা সূচনা। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার ছিল না। আমি শুধু দলে জায়গাটা নিশ্চিত করতে চাইছিলাম। এটা আমার প্রথম ম্যাচ ছিল। বোলিং করতে নেমেই তাই, উইকেট পাওয়ায় মন দিয়েছিলাম।’

রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় হায়দারাবাদ।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জোসেফের তাণ্ডব দেখেন হায়দারাবাদ ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন দীপক হোডা। তবে আর কেউই বলার মতো স্কোর করতে না পারায় দলীয় শত রানও করতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচ শুরুর আগেই নাকি জোসেফ পরামর্শ পেয়েছিলেন স্বয়ং ক্রিস গেইলের কাছ থেকে। নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে সেরা ক্যারিবিয়ান ক্রিকেটার তো গেইলই। গেইল তাকে বলেছিলেন, ‘শুধু জোরে বল করো!’ আর এই পরামর্শেই আলজারি জোসেফ পেলেন চূড়ান্ত সাফল্য!

যদিও, রেকর্ড গড়া বোলিংয়ের চেয়ে দলের জয়ে অবদান রাখাটাকেই বড় করে দেখছেন জোসেফ। বললেন, ‘আমি উইকেট পাওয়াটাকে কোনো উদযাপনের উপলক্ষ্য মনে করি না। উদযাপনের উপলক্ষ্য হল জয়। তাই, উইকেট পাওয়া আমার লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে দলকে জেতানোর।’

আলজারি জোসেফ

ওভার ৩.৪

রান ১২

মেইডেন ১

উইকেট ৬