ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সমূহের মধ্যে তিন দিনব্যাপী আয়োজিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০১৭ এর আঞ্চলিক পর্যায়ের ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান।
স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় ‘ধর্মের সঠিক জ্ঞান প্রদানের ব্যর্থতাই যুব সমাজকে ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে’ শীর্ষক বিষয়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজের দলনেতা মুনতাহা মাশিয়াত। কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় ‘নৈতিকতা ও দেশাত্ববোধ জাগ্রত করাই তরুণ প্রজন্মের শিক্ষার প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে বিজয়ী হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দলনেতা ইশরাত জাহান সেতু।প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় স্পীকার হিসেবে প্রতিযোগিতাটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্নেল সৈয়দ এ কে সাব্বির আহমেদ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ লে: কর্নেল মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথিদের বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান বলেন, বিতর্ক প্রতিযোগিতা জ্ঞানের প্রখরতা বাড়ায়, নৈতিকতা শিক্ষা দেয়, নিরপেক্ষ মানসিকতা তৈরি ও অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে সহযোগিতা করে। বিতর্ক চর্চার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যৎ সু-নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই বিতর্ক চর্চাসহ এ ধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান।
ইত্তেফাক/সাব্বির