রোহিঙ্গাদের নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে: নাসিম

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দিয়েছেন। কিন্তু মানবিক কারণ এই নয় যে, তারা এখানে দীর্ঘদিন এদেশে থাকবে। তাদেরকে নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে।
 
মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় অতি দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ‘স্বাস্থ্যকার্ড বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, আমরা মায়ানমার সরকারকে অনুরোধ করবো তারা যেন দ্রুততম সময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। সেদেশের সরকার যেন এভাবে বর্বর হত্যাকাণ্ড বন্ধ করে। এটা মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
 
তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ড বন্ধের জন্য বিশ্ববাসী ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। তারা যেন মানবিক কারণে এগিয়ে আসে। রোহিঙ্গাদের পূর্ণবাসনের ব্যবস্থা মিয়ানমারে করেন। বিশ্বের বড়বড় রাষ্ট্র উদ্যোগ নিয়ে মায়ানমারে নিজ দেশে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসন করেন।
 

ইত্তেফাক/এএম।