জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, অধিকার অর্জন করতে হলে মানুষকে সাহসী হতে হয়। সমস্যার সমাধান শুধু রাষ্ট্র নয় ব্যক্তিগত উদ্যোগেও করা গেলে মানুষের ভাগ্য পরিবর্তন ত্বরান্বিত হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।
গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ার প্রত্যন্ত গ্রাম পূর্ব মাটিভাঙ্গায় এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে জনগণ ইমানের সাথে বঙ্গবন্ধুর প্রতি একতাবদ্ধ ও আস্থাশীল থাকার কারণে স্বাধীনতা অর্জনের মতো মহান কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমি ৩২ বছর ভান্ডারিয়াসহ এ অঞ্চলে রাজনীতির কথা না বলে মানুষকে ইমানের সাথে ভাগ্য পরিবর্তনে উদ্বুদ্ধ করার জন্য সচেষ্ট ছিলাম। আজকে তাই উন্নয়নের পথে চলার সুযোগ আমাদের জন্য মসৃণ হয়েছে। আগামীতেও আল্লাহর উপর নির্ভর করে এলাকার মানুষকে ভাগ্য পরিবর্তনের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এই কাজে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ, রেষারেষি, হিংসা-বিদ্বেষ, ঈর্ষা পরিহার করে এক হয়ে কাজ করার পরিবেশ বজায় রাখার বিকল্প নেই।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত ও অপরিহার্য বলে যে কোনো মূল্যে এ ধারা অক্ষুণ্ন রাখতে হবে। পরাধীন দেশের মতো জ্বালাময়ী বক্তৃতা আর প্রতিবাদ-বিক্ষোভের রাজনীতি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে কাম্য হতে পারে না। আমাদের মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, শুকরিয়া প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। বাইরের লোকেরা এসে একাজ করে দেবে না। মনে রাখতে হবে সাহসী মানসিকতা সম্পন্ন মানুষই অধিকার সচেতন হয়।
ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গীপাড়া উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও মাওলানা আব্দুল খালেক।
এছাড়া পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি একই দিন গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন। তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা, পূর্ব মাটিভাঙ্গা সাবাতুননেসা বালিকা দাখিল মাদ্রাসা এবং মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পৈকখালী বাজারের পাশে খালের উপর নবনির্মিত সেতু ও শ্রীপুর থেকে পৈকখালী বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এদিকে সন্ধ্যার পর ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির উপজেলা শাখা আয়োজিত কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহীদুজ্জামান রাজু মল্লিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, জেপি নেতা ইউসুফ আলী আকন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, মহিলা জেপি’র সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, বাহাদুর সরদার, শাহ আলম পান্নু, ফিরোজ হোসেন মুন্সী, মনিরুল ইসলাম, মোস্তফা সিকদার, বাদল হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যুব সংহতির উপজেলা সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমুখ।
ইত্তেফাক/নূহু