স্পোর্টস ডেস্ক
শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি এফএ কাপের সেমিফাইনালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে। এর ফলে মৌসুমের চার শিরোপার পথ কাগজে-কলমে খোলা থাকলেও কোচ পেপ গার্দিওলা একে অসম্ভব যাত্রা হিসেবে দেখছেন।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল ব্রাইটনের বিপক্ষে শনিবার ম্যাচটির চতুর্থ মিনিটেই কেভিন ডি ব্রুইনের নিচু ক্রসে মাথা ছুঁইয়ে গ্যাব্রিয়েল জেসাস লক্ষ্যভেদ করলে সিটির বড় জয়কে সময়ের ব্যাপার মনে হচ্ছিলো। কিন্তু এরপর নিজেদের গুছিয়ে নিয়ে ব্রাইটন একের পর এক সিটি আক্রমণ রুখে দিলে এক গোলের ব্যবধানে জয় নিয়েই ফাইনালে চলে যায় গার্দিওলার শিষ্যরা।
এ মৌসুমে প্রথম ইংলিশ দল হিসেবে এবার সম্ভাব্য সব শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ আছে সিটির। ইতোমধ্যেই ইএফএল কাপ জিতে যাওয়া দলটি প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের সঙ্গে লড়ে যাচ্ছে। আসছে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের আতিথ্য গ্রহণের আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে জিতে আরেকটি শিরোপাজয়ের হাতছোঁয়া দূরত্বে চলে গেছে গার্দিওলার দল। তবে গার্দিওলা সব শিরোপাজয়ের ব্যাপারটিকে আখ্যা দিলেন অসম্ভব হিসেবে। সেমিফাইনালের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের কিছু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, কোয়াড্রুপল জেতা প্রায় অসম্ভব। চাইলে আপনারা একে শিরোনামেও লিখতে পারেন!’
মৌসুমের শেষ দুই মাসে এসেও সব শিরোপা জয়ের কক্ষপথেই আছে সিটি। গার্দিওলা একে দেখছেন অলৌকিক ব্যাপার হিসেবেই। তিনি বলেন, ‘এই পর্যায় পর্যন্ত সব প্রতিযোগিতায় টিকে থাকা অলৌকিক ব্যাপার। এ কারণে খেলোয়াড়রা যা করেছে তাকে অবিশ্বাস্য বলতেই হচ্ছে।’
গেল মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে লিগ জিতেছিলো সিটি। এরপরেও নিজেদের মান ধরে রাখায় দলের প্রশংসা করেন তিনি। সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘(১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতা) এর পরের বছরে আপনার একগুয়ে কিংবা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু তা না করে আমরা এখনো কক্ষপথে আছি। এ কারণেই খেলোয়াড়দের কীর্তিকে অবিশ্বাস্য মনে হয়।’
দলে চোটসমস্যা থাকলেও সেসব নিয়েই লড়াই চালিয়ে যাবে সিটি। জানালেন গার্দিওলা, ‘প্রতি খেলায়ই খেলোয়াড় হারানোর সম্ভাবনা থাকে। এতো বেশি ম্যাচ খেললে এটা খুবই সম্ভব। আমরা মৌসুমের শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চাই।’