চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২'র বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিদু আলীর ছেলে মো. জিয়ারুল ইসলাম, কাশিয়াবাড়ী ঘাইসাপাড়ার এহসান আলীর ছেলে মো. নজরুল ইসলাম ও একই গ্রামের সাজু আলীর ছেলে মো. এজু ওরফে নজু।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২০ আগস্ট শিবগঞ্জের চণ্ডীপুর গ্রামের এক কিশোরী পাশের কাশিয়াবাড়ি গ্রামে তার খালুর বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১টার দিকে মাটির ঘরের সিঁধ কেটে ওই কিশোরীকে অপহরণ করে জিয়ারুলসহ তার সহযোগীরা। পরে তারা তাকে গড়পাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরের দিন স্থানীয় লোকজন কিশোরীকে একটি বাগান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ দুইজন আসামিকে অব্যাহতি দিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে বিচারক আসামী জিয়ারুল ইসলাম, নজরুল ইসলাম ও এজু ওরফে নজুকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনবছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।
ইত্তেফাক/জামান