অপহরণের ১৮ মাস পর ইয়েমেনের আইএস জঙ্গি ঘাঁটি থেকে এক ভারতীয় পাদ্রিকে উদ্ধার করা হয়েছে। টম উঝুন্নালিল নামের কেরালার ওই পাদ্রিকে ইয়েমেনের এডেন মিশনারিজ অব চ্যারিটির একটি বৃদ্ধাশ্রম থেকে অপহরণ করে জঙ্গিরা। মঙ্গলবার তার উদ্ধারের খবর জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এক টুইটবার্তায় সুষমা বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ফাদার উঝুন্নালিলকে উদ্ধার করা হয়েছে।’ জানা গেছে, ওমান সরকারের মধ্যস্থতায় উদ্ধার হয়েছেন বছর পঞ্চাশের ওই ফাদার। ইয়েমেন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে মাস্কাটে। সেখান থেকে বিমানে কেরালায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
IMG0
ওমান সরকার একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘সুলতান কাবুস বিন সৈয়দের (ওমানের সুলতান) নির্দেশে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ভ্যাটিকানের এক কর্মীকে উদ্ধার করেছি। আজ (মঙ্গলবার) সকালে মাস্কাট পাঠানো হয়েছে তাকে। সেখান থেকে ভারতে নিজের বাড়ি ফিরে যাবেন তিনি।’
ইত্তেফাক/সেতু