মোহাম্মদপুরে আইসক্রিমে ডিপোর কর্মচারীকে গলা কেটে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে কোয়ালিটি আইসক্রিমের ডিপোতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। 
 
নিহতের নাম মোহাম্মদ নান্নু সরদার (৪৮)। বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় কাইয়ুম মিয়া (৪০) নামে অপর এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 
 
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল পর্যন্ত যে কোন সময় এ ঘটনা ঘটতে পারে। সকালে আইসক্রিমের ডিপোর অন্যান্য কর্মচারীরা এসে দরজা বন্ধ পায়। পরে নান্নু মিয়াকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে বিছানায় নান্নুর লাশ পড়ে ছিল। মেঝেতে কাইয়ুম মিয়া নামে নৈশ প্রহরীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথা ও বুকে লাঠি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
 
ঘটনার পর শাকিল নামে ওই কারখানার এক নিরাপত্তারক্ষী পলাতক রয়েছে। কারখানার অভ্যন্তরীণ কোনও বিরোধে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত নান্নু সরদার কোয়ালিটি আইসক্রিম ডিপোর পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। বরিশালের মেহেন্দীগঞ্জ থানার ভাঙ্গা গ্রামের মৃত মোখলেছ সরদারের ছেলে।  
 
ইত্তেফাক/ইউবি