নিখোঁজের তিনদিন পর পুকুরে মিললো শিশুর লাশ

 
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল আহম্মেদ আলী নামের দেড় বছরের এক শিশুর লাশ। নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামে ওই ঘটনা ঘটে। বুধবার বিকাল পাঁচটার দিকে আব্দুর রহমানের পুকুর থেকে স্থানীয়রা ওই শিশুর রক্তমাখা লাশ উদ্ধার করে এলাকাবাসী।
 
পুলিশ শিশুর লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  আহম্মেদ জুমাইনগর গ্রামের মনতাজ মুন্সির ছোট ছেলে। মনতাজ মুন্সি পেশায় মোবাইল ব্যবসায়ী। সোমবার প্রতিবেশীর বাড়ি থেকে আহম্মেদ হারিয়ে যায়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী লিপি বেগম (৩২) সোমবার শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই আহম্মদ নিখোঁজ হয়। এ ঘটনায় মনতাজ মুন্সি মঙ্গলবার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
শিশুটি নিখোঁজের পর থেকে পুলিশ ও শিশুর পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুজির করে বুধবার দুপুর পর্যন্ত কোন সন্ধান পায়নি। পরে স্থানীয়রা মনতাজ মুন্সির বাড়ির ২শ’ গজ দূরের আব্দুর রহমানের পুকুরে খোঁজাখুজির একপর্যায়ে শিশুর রক্তমাখা লাশ পায়।
 
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি