বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আজ বুধবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্রিকেট কথন ও কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব একথা বলেন।
দুই দিনের সফরে বুধবার যান সাকিব। কর্মশালায় তিনি বলেন, ‘আমি আগে কখনো রংপুরে আসিনি। প্রথমবার এসেই আপনাদের ভালোবাসায় অভিভূত। আমি বিশ্বাস করি, আপনাদের মতো সমর্থক থাকলে আমরা অবশ্যই ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো। আপনারা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন যাতে আমরা এক নম্বরে পৌঁছাতে পারি।’
এই অনুষ্ঠান আয়োজন ও তাতে আমন্ত্রণ জানানোয় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান বিশ্ব সেরা এই ক্রিকেট তারকা। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
ইত্তেফাক/কেআই