শীতকালে হলের গোসলখানায় গরম পানি সরবরাহের জন্য হল প্রভোস্টের নিকট আবেদনপত্র

 

সুদিপ্ত কুমার নাগ

 

এখন মোটামুটি শীত পড়ে গেছে। আর শুরু হয়ে গেছে গোসলখানায় ঠাণ্ডা পানির সাথে যুদ্ধ। শীতের সময় ভার্সিটির হলের গোসলখানায় গরম পানি সরবরাহের জন্য হলের প্রভোস্টের নিকট একজন হতভাগা গোসলভীরু শিক্ষার্থীর আবেদনপত্র এবার দেখে নেওয়া যাক—

বরাবর

হল প্রভোস্ট

বিষয় :গোসলখানায় গরম পানি সরবরাহের জন্য আবেদন।

স্যার, আমি আপনার হলের বি ব্লকের ৪২০ নম্বর রুমের বাসিন্দা। আমি আমার রুমে পড়ালেখার পাশাপাশি নিয়মিত বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, তাস খেলা ও গিটার বাজানোর সাথে যুক্ত আছি। এ ছাড়া প্রতিদিন নিয়ম করে মাত্র ৩ ঘণ্টা মুভি দেখি এবং ডাইনিংয়ে পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে ঠিকমতো বিল পরিশোধ করি। সবকিছুই ঠিকঠাক চলছে শুধু নিয়মিত গোসল করতে পারছি না। ঠাণ্ডা পানিতে গোসল করতে গেলেই খবর হয়ে যায়। যদিও রুমে হিটার ব্যবহার করা নিষেধ, তারপরও সেই হিটার দিয়ে পানি গরম করে গোসল করি। সবাই কমবেশি এই কাজ করে। এর ফলে অতিরিক্ত হিটার ব্যবহার করার কারণে, হলে অনেক বিদ্যুত্ বিল উঠছে, যা অনেক ব্যয়বহুল। এজন্য আপনি যদি সরাসরি পানির ট্যাংকি থেকে গরম পানি সরবরাহের ব্যবস্থা করতেন, তাহলে আর সবাই হিটার ব্যবহার করত না এবং অনেক টাকার কারেন্ট বিল বেচে যেত।

 

অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, হলের গোসলখানায় গরম পানি সরবরাহের ব্যবস্থা করে নিয়মিত গোসল করার সুযোগ দিন।

 

বিনীত নিবেদক

হলের সেরা আইলসা সুজন

রুম নং ৪২০।