রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

 
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেখানকার কর্তৃপক্ষের চলমান নির্যাতন ও সহিংসতার নিন্দা করে এটি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
 
রাখাইনে সেনা অভিযানে হত্যা-অগ্নিসংযোগের কারণে লাখ লাখ রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে বুধবার এক আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ। এরপর নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে এক বিবৃতিতে ওই উদ্বেগ, নিন্দা ও আহ্বানের কথা জানান। সেই সঙ্গে রাখাইনে মানবিক সহায়তাকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ারও আহ্বান জানানো হয় সেখানে।
 
বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের সভাপতি জাতিসংঘে ইথিওপিয়ার রাষ্ট্রদূত তেকেদা আলেমু সাংবাদিকদের বলেন, রাখাইনে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের সময় ব্যাপক সহিংসতায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
 
বৈঠক শুরুর আগে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেস রোহিঙ্গাদের ওপর এই নিপীড়নকে 'জাতিগত নির্মূল' বলে মন্তব্য করেন। এসময় তিনি বলেন, 'মিয়ানমার কর্তৃপক্ষ সামরিক অভিযান বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশত্যাগে বাধ্য হওয়া ব্যক্তিদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি।'
 
রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য ও অস্থায়ী সদস্য সুইডেন। বৈঠকের পর জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট বলেন, 'বিগত নয় বছরের মধ্যে এই প্রথম মিয়ানমার বিষয়ে বিবৃতিতে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ।'
 
ইত্তেফাক/জামান