স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সূচনাই হয়েছে রিয়াল মাদ্রিদের। আর রিয়ালে পথদ্রষ্টা সেই ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলিই আপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে এই স্প্যানিশ জায়ান্ট। সেই সুবাদে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে দলটির। একই গ্রুপের অন্য খেলায় ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে। তাই রিয়ালের সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টটেনহ্যাম রয়েছে দ্বিতীয় স্থানে।
IMG0
রোনালদোর স্প্যানিশ ফুটবলে নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়নি। তবে এই নিষেধাজ্ঞার কারণে ইউরোপ সেরা ক্লাবগুলোর এই লড়াইয়ে অংশ নিতে কোনো বাধা ছিল না পর্তুগিজ সুপারস্টারের। তাই মাঠে নেমেই লা লিগায় ধুকতে থাকা রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগে এনে দিলেন উড়ন্ত সূচনা।
IMG1
মাত্র ১২মিনিটেই প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। আর ৫১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে হ্যাটট্রিকের আশা জাগান তিনি। তবে রোনালদো হ্যাটট্রিক পূরণ করতে না পারলেও সার্জিও রামোস ৬১ মিনিটে আরেক গোল করে জয়ের ব্যবধান বাড়াতে সক্ষম হন।
ইত্তেফাক/কেআই