ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আদালত অবমাননার শুনানিতে হাজিরা না দেয়ায় পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। গ্রেফতার এড়াতে তাকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রূপির স্যিউরিটি বন্ড জমা দিতে বলেছে কমিশন।
 
তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা সদস্য ও দলচ্যুত আকবর এস বাবর ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এই মামলার শুনানিতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়। ইমরান খানের আইনজীবী বাবার আওয়ান বলেন, পিটিআই প্রধান দেশের বাইরে ছিলেন এবং মাত্র কয়েক ঘণ্টা আগে দেশে ফিরেছেন।
 
কিন্তু আকবর এস বাবরের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেছেন ইমরান খান। যদি তিনি এই প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতেন তাহলে তিনি এখানে আজ উপস্থিত থাকতেন। গত মাসে নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেয়, এর আগের নোটিশেও জবাব দেননি তিনি।
 
ইমরান খান প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনায় নির্বাচন কমিশনের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেন। তবে গত আগস্টের ১০ তারিখ আদালত ঘোষণা করে যে, এই অবমাননা শুনানির আইনি এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আনুষ্ঠানিকভাবে ২৩ আগস্টের মধ্যে কারণ দর্শাওয়ের নোটিশের জবাব দিতে বলা হয়।
 
ইমরান খান নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে যার প্রেক্ষিতে তার আইনজীবী নির্বাচন কমিশনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তবে পিটিআই চেয়ারম্যান একটি টিভি সাক্ষাতকারে বলেন, তার আইনজীবী নিজে থেকে ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি ক্ষমা চাননি। ডন।
 
ইত্তেফাক/সাব্বির