আস্তানায় সিরীয় বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক বৈঠক শুরু

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরীয় বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে। এর আগে বুধবার একই শহরে আলোচনার উদ্যোক্তা দেশ রাশিয়া, ইরান ও তুরস্ক প্রাথমিক বৈঠক করে। 
 
রুশ প্রেসিডেন্টের সিরীয় বিষয়ক দূত আলেকজান্ডার লাভরেনটভ মস্কো প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ইরানী দলের নেতৃত্বে রয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আনসারী এবং তুরস্ক দলের নেতৃত্বে রয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল।
 
আলোচনায় সিরীয় বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টাফান দ্য মিস্তুরা, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা নওয়াফ ওয়াসফি তেল, মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিকট প্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডেভিড সাটারফিল্ড পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। এছাড়া সিরীয় সরকারের প্রতিনিধি হিসেবে থাকছেন জাতিসংঘে সিরীয় দূত বাশার জাফারি। জানা গেছে আলোচনায় ইদলিবে অ-সামরিকীকরণ জোন প্রতিষ্ঠাই অগ্রাধিকার পাচ্ছে। বাসস।
 
ইত্তেফাক/সাব্বির