বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না দীর্ঘ দিন সময় ধরে ইনজুরিতে থাকা আফ্রিকা পেসার ডেল স্টেইনের। কেননা এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের পর থেকে প্রোটিয়া দলে অনুপুস্থিত স্টেইন।
ইনজুরিতে পড়ার ছয় মাস পরই স্টেইন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পুনর্বাসন শেষ না হওয়ায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চার দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবে না মনে করছি।’
তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাই না, যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। পুনরায় মাঠে নামার জন্য কিছু সিমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভাল হবে।’ তবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন স্টেইন।
ইত্তেফাক/কেআই