নওগাঁয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি ডিগ্রি (পাস) পরীক্ষার খাতা জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- উপজেলার পাঠাকাটা গ্রামের মোবারক হোসেনের ছেলে হুসেন আলী (২২) ও সদর উপজেলার চকরামচন্দ্র এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান (২৫)। তাদের কাছ থেকে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ভূগোল পরীক্ষার ২২টি লেখা উত্তরপত্র পাওয়া যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় হুসেনকে উপজেলার কুসুম্বা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে চলতি ডিগ্রি পরীক্ষার চারটি লেখা উত্তরপত্র পাওয়া যায়।
হুসেনের দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে এ চক্রের মুলহোতা মেহেদীকে নওগাঁ শহর থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৮টি লেখা উত্তরপত্র পাওয়া যায়।
মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ আরকেজি