ছিঁচকে চোর থেকে সন্ত্রাসী রিয়াজুল রিজু!

ছিঁচকে চোর থেকে সন্ত্রাসী হয়ে উঠেছেন রিয়াজুল রিজু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নির্মাতা গাজী টিভির অ্যাকশন আওয়ারে ‘কৃষ্ণগহ্বর’ নামের ছয় পর্বের ধারাবাহিক নাটকে এমন এক চরিত্রে অভিনয় করেছেন। এতে পুলিশ, সন্ত্রাসী, ছিঁচকে চোরসহ বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন।

মেহেদি হাসান সজিবের পরিচালনায় এবং আলফা আই প্রোডাকশনের ব্যানারে নাটকটির প্রযোজক হিসেবে আছেন শাহরিয়ার শাকিল।

এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা রিয়াজুল রিজু বলেন, ‘এক সময় থিয়েটার করেছি। সে থেকেই অভিনয়ের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। গাজী টিভির অ্যাকশন আওয়ারে অভিনয় করলাম। এখানে আমি কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। তন্মধ্য একটি চরিত্র হচ্ছে লঞ্চঘাটের এক ছিঁচকে চোরের। চোরটা তার চেয়ে একটু ভালো মেয়ের সঙ্গে প্রেম করে। এরপর মেয়েটি ওকে রেখে যে হোটেলে কাজ করে তার ম্যানেজারকে বিয়ে করে। তখন চোরটা খেপে যায়। এক সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত হয় এবং বড় ধরনের সন্ত্রাসী হয়ে যায়।’
IMG0
নাটকটিতে রিয়াজুল রিজু ছাড়া আরো অভিনয় করেছেন সানজিদা তন্ময়, মিহি আহসান, জয়রাজ, সাব্বির আহমেদ, মেহেদী আকাশসহ অনেকে। নাটকটি আজ ১৫ সেপ্টেম্বর থেকে রাত ৯ টা ১৫ মিনিটে গাজী টিভিতে প্রচারিত হবে।

ইত্তেফাক/ইএইচএম