নির্বাচনী ভাষণ

বাসুদেব খাস্তগীর

 

‘মিনিট খানিক বলব বলে

দাঁড়িয়েছি মঞ্চে

বেশি কথা বললে কি আর

ভালো লাগে কন চে?’

এমনি বলে চেরাগ আলী

শুরু করেন ভাষণ

একটু পরে সামনে দেখেন

খালি প্রায়ই আসন।

কথার মাঝে আবোল তাবোল

কথার টানেন রেশ

মিনিট শেষে ঘণ্টা ছুঁইছুঁই

হয় না ভাষণ শেষ।

স্লিপের পরে স্লিপ যে আসে

বক্তৃতাটার মাঝে

কেউবা বলে আড়াল থেকে

‘লোকটা ভীষণ বাজে।’

চেরাগ আলীর এত কথায়

কানাটা ঝালাপালা

পিছন থেকে বলে একজন

‘মুখে মার তার তালা।’

ঘণ্টাখানিক ভাষণ শেষে

বলেন, ‘খাবো পানি

সংক্ষেপে আজ এই ভাষণের

আমি ইতি টানি।’

 

বিএমসি কলেজ, চট্টগ্রাম।