হজের টাকা ছিনিয়ে নিয়ে ইমামকে মারপিটের অভিযোগ

 
মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামে মসজিদের ইমামকে মারপিট করে তার কাছ থেকে হজের জন্য সঞ্চিত তিন লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
 
নারায়ণগঞ্জের মাহমুদ নগর জামে মসজিদের ইমাম আব্দুল হাই বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানান, আগামী বছর সস্ত্রীক তিনি হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পাসপোর্ট করতে ও টাকা-পয়সা জোগাড় করতে সম্প্রতি তিনি ছুটিতে কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি মাগুরার শালিখার পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামে নিজ বাড়িতে আসেন। গত ১২ সেপ্টেম্বর সকালে তিনি বড় ভাই আবু তালেবকে সাথে নিয়ে সঞ্চিত তিন লাখ ৩০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে ও হজের জন্য পাসপোর্ট করতে বাড়ি থেকে বের হন।
 
তিনি আরও জানান, পথিমধ্যে তারা পার্শ্ববর্তী গ্রাম মাগুরার শালিখার উপজেলার বয়রা গ্রামে বোনের বাড়িতে যান। এ সময় বোনের পরিবারের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বয়রা গ্রামের রাজু বিশ্বাস, জিল্লু বিশ্বাস, ওবায়দুরসহ ৭-৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে তাদের দুই ভাইকে জিম্মি করে একটি ঘরে আটকে রেখে বেদম মারপিট করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা তিন লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং এসপি অফিসে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে রাতে শালিখা থানায় মামলা করতে যান।
 
আব্দুল হাই অভিযোগ করেন, লিখিত অভিযোগ করলেও শালিখা থানা পুলিশ তা আমলে নিয়ে নথিভুক্ত করেনি। এদিকে মামলা করতে আসায় পুলিশে কর্মরত কবীর নামে আসামিদের এক ভাই মোবাইল ফোনে তাকে ও তার পরিবারের সদস্য নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
 
এ ব্যাপারে শালিখা থানার ওসি রবিউল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তিনি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন ঘটনাটি তদন্ত করতে। তদন্তে সত্যতা মিললে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/জামান