ঝিনাইদহে খাদ্য অধিদপ্তরের জন্য সিলযুক্ত দু'শ বস্তা চাল শহরের চাল পট্টির একটি আড়ৎ থেকে জব্দ করেছে র্যাব। র্যাবের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। দু’ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি মো. জহুরুল ইসলাম দায়েরকৃত সদর থানায় মামলার এজাহারে বর্ণিত তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকালে র্যাবের একটি টহল দল শহরের পায়রা চত্বর এলাকায় নিয়োজিত ছিল। তারা গোপন সূত্রে খবর পান শহরে চাল পট্টি এলাকায় মেসার্স মধু এন্টার প্রাইজ নামে একটি চালের আড়তে সরকারি ’খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত দু’শ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য মজুত আছে। তারা সেখানে অভিযান চালিয়ে দু’শ বস্তা ( প্রতি বস্তা ৫০ কেজি ) চাল জব্দ করে। সে সময় দোকানে উপস্থিত দু’জন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। র্যাব এ চাল জব্দ করে। সেখান থেকে গোলাম কিবারয়া ও রাকিব হোসেন নামে দু’জনকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা বলেন, ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের কাছ থেকে এ চাল কিনা হয়েছে। এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, গোলাম কিবরিয়া, রকিব হোসেন, জসিম উদ্দিন ( ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ), মোঃ ওলিয়ার রহমান ( দোকান মালিক ) ও টিপু সুলতান। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। তিনি এসে চালের আড়ৎ সিলগালা করে দেন।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার রাতে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, তিনি খবরটি জানার পর একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কোথা থেকে এবং কি ভাবে এ চাল দোকানে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। গুদামের চালের মজুতও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআই