আপাতত পাকিস্তান সফরের পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

আপাতত পাকিস্তান সফর করার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। এমনটিই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আরো বেশি দলকে পাকিস্তান সফরে যাওয়ার আহ্বান জানানোর প্রেক্ষিতে এই বক্তব্য দিলেন তিনি। পাকিস্তানে বিশ্ব একাদশের চলমান সফরকালে আইসিসি এ আহ্বান জানিয়েছিল।
 
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর একবারই জিম্বাবুয়ের বিপক্ষে একটি সীমিত ওভার সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। ২০১৫ সালে সেই সিরিজের পরও দুই বছর পেরিয়ে গেছে। এখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসির সদস্য দেশগুলোর সমন্বয়ে গঠিত বিশ্ব একাদশ পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।  
 
এই আয়োজনকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বড় রকমের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে এই উদ্যোগে আপাতত সাড়া নেই অস্ট্রেলিয়ার। দলটি পাকিস্তানে সবশেষ সফর করে ১৯৯৮ সালে। আগামী বছর অস্ট্রেলিয়ার পাকিস্তানে একটি সফরসূচি রয়েছে। সেই সফরেও অস্ট্রেলিয়া যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাদারল্যান্ড। তিনি বলেন, পাকিস্তানে খুব স্বল্প সময়ের মধ্যে খেলার কোনো পরিকল্পনা তো আমি দেখছি না।
 
ইত্তেফাক/কেআই