রাম রহিমের বিরুদ্ধে দুই হত্যা মামলার শুনানি আজ

 
ভারতের ধর্ষক ধর্মগুরু এবং ডেরা সাচ্চা সওদার অধিপতি গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে দুটি পৃথক হত্যা মামলার শুনানি হবে আজ শনিবার। এ উপলক্ষে হরিয়ানা রাজ্যের পাঁচকোলা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
সিরসার সাংবাদিক রামচন্দ্র ছত্রাপতি ও ডেরার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিংকে খুনের অভিযোগে রাম রহিমের বিরুদ্ধে এ মামলা চলছে।শনিবার সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিংয়ের আদালতে এই মামলার শুনানি হবে। ওই একই আদালতে ২৫ আগস্ট তাকে দুই নারী শিষ্যকে ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 
শুক্রবার হরিয়ানা পুলিশের মহাপরিচালক বিএস সান্ধু এ বিষয়ে বলেন, শুক্রবার থেকেই আদালত চত্বরে প্রচুর আধাসেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শহর-লাগোয়া এলাকাতেও।
 
তিনি আরও বলেন, যদিও আদালতে সশরীরে উপস্থিত থাকবে না গুরমিত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোহটকের সুনারিয়া জেল থেকে চলবে শুনানি। খবর- টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/জামান