জীবনের প্রথম ভাতা দিয়ে স্কুলের জায়গা কিনে দিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সংক্ষিত সদস্য রীনা মন্ডল। গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের জায়গা ক্রয়ের জন্য প্রথম ভাতার ২ লাখ ১শত ১০ টাকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদারের হাতে তুলে দেন।
রীনা মন্ডলের স্বামী কোটালীপাড়া কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ বলেন, কয়েক দিন আগে আমার ইউনিয়নের মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদার আমার কাছে এসে বলেন তার বিদ্যালয়টিতে জায়গার সংকুলন রয়েছে। এ কথা শোনার পর আমার স্ত্রী জেলা পরিষদ সদস্য রীনা মন্ডল তার জীবনের প্রথম ভাতা দিয়ে বিদ্যালয়টিতে জায়গা কিনে দেয়ার সিন্ধান্ত গ্রহণ করেন।
জেলা পরিষদ সদস্য রীনা মন্ডল বলেন, এলাকার শিক্ষার মান উন্নয়নে আমি এই সহযোগিতা করেছি। আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।
মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বলেন, আমাদের স্কুলের জায়গা না থাকার কারণে ভবন করতে পারছিলাম না। এছাড়া ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য তেমন মাঠ ছিল না। রীনা মন্ডল তার ভাতার টাকা দিয়ে ১ বিঘা জমি ক্রয় করে দিয়েছেন। এতে শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
ইত্তেফাক/এমআই