বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

 
বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় দুইযাত্রী নিহত হয়েছেন। এসময় আরও আটজন যাত্রী আহত হন। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার ফলতিতা মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
 
নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের নাসির উদ্দিন তালুকদারের মেয়ে নাসরিন আক্তার (২৫) এবং একই উপজেলার বলইবুনিয়া গ্রামের রুস্তুম শেখের ছেলে মনির শেখ (৪০) হতাহতদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামের বলে পুলিশ জানতে পেরেছে।
 
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের এসআই সাফুর আহমেদ সকালে এই প্রতিবেদককে বলেন, ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসা বনফুল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নারী শিশুসহ অন্তত ১০জন গুরুতর আহত হন।
 
তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে অন্তত পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন আক্তার ও মনির শেখ মারা যান। এরা সবাই ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। হতাহতদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামের বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
 
ইত্তেফাক/জামান