রাজশাহীতে ছিনতাইকারী চক্রের এক সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য টনিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর লক্ষীপুর এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, গ্রেপ্তার টনি নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার জনৈক বরজাহান আলীর ছেলে। সে নগরীর ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।
 
ওসি জানান, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখায়ের আলম সহ সঙ্গীয় ফোর্স নগরীর লক্ষীপুর এলাকায় টহল দেয়ার সময় সেখানে ছিনতাইয়ের চেষ্টাকালে টনিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। মোবাইলগুলো সে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ছিনতাই করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটক টনির বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই