নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

 
ফরিদপুরের নগরকান্দায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুদুরিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য সানোয়ার ফকিরের সঙ্গে সাবেক সদস্য ইলিয়াছ মোল্যার সাথে দীর্ঘদিন যাবৎ নির্বাচনী বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে ইলিয়াছ মোল্যার পক্ষের ১০ ব্যক্তি আহত হন। ইলিয়াছ মোল্যার সমর্থিত হবি মোল্যার ছেলে রবিউল ইসলামকে গুরুতর অবস্থায় নগরকান্দা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন তাকে মৃত্যু ঘোষণা করেন। অন্যান্য আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইলিয়াছ মোল্যা জানান, আমার সমর্থক শিপনের সঙ্গে সানোয়ারের সমর্থক হারুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সানোয়ার ফকিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থকদের বাড়িতে হামলা চালায়।  
 
থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে