ইসলাম অবমাননার অভিযোগে পাকিস্তানে খ্রিস্টান ব্যক্তির মৃত্যুদণ্ড

পাকিস্তানে হোয়াটসঅ্যাপে এক মুসলিম বন্ধুকে হযরত মোহাম্মদ (দ) এর প্রতি অবমাননাকর কবিতা পাঠানোর অভিযোগে এক খ্রিস্টানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। কিন্তু ওই ব্যক্তির আইনজীবী বলেছেন, এক মুসলিম নারীর সঙ্গে প্রেম থাকার কারণে ওই মুসলিম ব্যক্তি তার মক্কেলের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছেন।
 
ডনের খবরে বলা হয়, গত বছরের জুলাইয়ে ইয়াসির বশির নামের এক ব্যক্তি নাদিম জেমসের নামে অভিযোগ করেন, সে তাকে হোয়াটসঅ্যাপে একটি কবিতা পাঠায় যাতে হযরত মোহাম্মদ (দ) ও ইসলামের অন্যান্য ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর কথা রয়েছে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়্
 
জেমসের আইনজীবী আনজুম ওয়াকিল বলেছেন, আমার মক্কেল এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে কারণ এক মুসলিম নারীর সঙ্গে আমার মক্কেলের প্রেমের সম্পর্ক থাকায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, এই মামলার বিচারকার্য একটি আদালতের ভেতরে চালানো হয়েছে, কারণ স্থানীয় মৌলভীরা ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে।
 
ইসলাম অবমাননা পাকিস্তানে খুবই সংবেদনশীল বিষয়। ২০১৪ সালে পবিত্র কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগে এক খ্রিস্টান দম্পতিকে পিটিয়ে চুল্লির উপর ফেলে পুড়িয়ে মেরে ফেলা হয়। ডন।
   
ইত্তেফাক/সাব্বির