‘পাকিস্তানিরা ফিরে গেলেও তাদের দোসররা রয়ে গেছে’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ৯০ হাজার পাকিস্তানি সৈনিক ফেরত চলে গেলেও তাদের এ দেশীয় দোসররা আজো এ দেশে রয়ে গেছে। তাই আমাদের চলার পথ কিন্তু কাটাহীন নয়, এজন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।
 
শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের সকলের জন্য আদর্শ। তোমরা অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়তে হবে।
 
মন্ত্রী বলেন, ৩০ লাখ প্রাণের কাছে আমাদের অনেক ঋণ, সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের আত্মার শান্তির জন্য আমাদেরকে অবশ্যই দেশকে ভালবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। বিকালে মন্ত্রী ওই উপজেলার কিছু উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন এবং কয়েকটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি