সাভারে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এক বখাটে যুবক। পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় ওই স্কুলছাত্রীর নিজ বাড়ির সামনে শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
পুলিশ বখাটে যুবক আমিনুল ইসলামকে আটক করেছে। সে একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ব্যাংক কলোনি এলাকার মর্ডান কিন্ডার গার্টেন স্কুলের এক অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) দীর্ঘ দিন ধরে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল আমিনুল। স্কুলে যাতায়াতের পথে আমিনুল প্রায় তাকে উত্ত্যক্ত করতো। এ নিয়ে ওই স্কুলছাত্রীর পরিবার আমিনুলকে কয়েক বার সতর্ক করে দেয়। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ।
সকালে ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাসার সামনেই আমিনুল তার গতি রোধ করে । এ সময় সে পুনরায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তা প্রত্যাখান করায় আমিনুল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতারি ভাবে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমিনুলকে আটক করে ।
পরে তাকে পুলিশে সোর্পদ করে। ওই স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদুল হক জানান, স্কুলছাত্রীর মাথা, মুখ ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে । তার চিকিৎসা চলছে । সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আমিনুলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি