গৌরীপুরে ছিনতাইকালে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুর রেল স্টেশনে ডিবি পুলিশ সেজে ট্রেনযাত্রীর কাছ থেকে ছিনতাইকালে বাদশা ও তার সোর্স বিপ্লবকে আটক করেছে গৌরীপুর রেলওয়ে জিআরপি ফাঁড়ির পুলিশ। রবিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃত ডিবি পুলিশ পরিচয়দানকারী যুবক বাদশা রাজধানীর কেরানীগঞ্জ থানার ছোট কুশিয়ারভাগ গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ডিবির সোর্স পরিচয়দানকারী বিপ্লব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের ট্রেনযাত্রী আলমগীর হোসেন জানান, বাড়িতে যাবার উদ্দেশে ট্রেনের অপেক্ষায় তিনিসহ আরো দুই যাত্রী গৌরীপুর রেল স্টেশনে বসেছিলেন। এসময় উল্লেখিত দুই যুবকের একজন ডিবি পুলিশ ও অন্য একজন ডিবির সোর্স পরিচয় দিয়ে জোরপূর্বক তাদের দেহ তল্লাশি করে। বাধা দিলে তাদের মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ওই দুই যুবক। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রতারক দুই যুবককে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উবায়েদ ইসলাম জানান, আটককৃত দুই প্রতারক ও ছিনতাইকারী যুবককে গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।