কথা রাখলেন না ঠাকুরগাঁওয়ের এমপি ইয়াসিন !

সম্প্রতি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ফুঁসে উঠেছিল ঠাকুরগাঁও ও পঞ্চগড় দুই জেলার মানুষ।ওই সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী ৩ মাসের মধ্যে জেলায় আন্তঃনগর ট্রেন চালু হওয়ার আশ্বাস দিয়েছিলেন।
 


আশ্বাসের তিন মাস পার হয়ে গেলেও ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে আন্ত:নগর ট্রেন চালু হয়নি। বরং গত ১ মাস যাবত দুই জেলায় সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে হতাশ ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের নেতা ও সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও রোড এলাকার ব্যবসায়ী জমির উদ্দিন জানান, দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষায় আছি কবে আন্ত:নগর ট্রেন চালু হবে। সরকার এতো কোটি টাকা ব্যয়ে রেললাইন নির্মাণ করল কিন্তু এখন ট্রেন চালু হলে নাকি লোকসান গুনতে হবে। এরই অজুহাতে আন্ত:নগর ট্রেন চালু হচ্ছে না ঠাকুরগাঁওয়ে। ফলে ‘আশাই যেন মরীচিকা’য় পরিণত হয়েছে আমাদের।

ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের নেতা বিশাল রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ঠাকুরগাও ৩ এর মাননীয় সংসদ সদস্য আন্ত:নগর ট্রেন কোথায়? ৩ মাস সময় নিয়েছিলেন। আজ ৩ মাস পূর্ণ হল। ট্রেন না পেলে আপনি এলাকায় অবাঞ্ছিত। আপনাকে সামাজিকভাবে বয়কট করা হবে।

এ বিষয়ে এমপি ইয়াসিন আলীর কাছে জানতে চাইতে তিনি বলেন, হঠাৎ বন্যায় দেশের অনেক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত করা হলে পরবর্তীতে আন্ত:নগর ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গ, সরকার ৯৮২ কোটি টাকা ব্যয়ে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় ২০১০ সালের অক্টোবরে দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটারের মিটার গেজ রেলপথকে আধুনিকায়ন, সম্প্রসারণ ও ডুয়েল গেজে রূপান্তরের কাজ শুরু করে।

২০১৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তারা দু’বার নির্মাণকাজের মেয়াদ বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা ও ম্যাক্র কনস্ট্রাকশন। ২০১৪ সালের সেপ্টেম্বরে কাজ শেষ করার কথা দেয়। কিন্তু এ কাজ শেষ করতে প্রায় সাত বছর লেগে যায়।

এ প্রকল্পের মধ্যে রয়েছে ৯০ কিলোমিটার রেলপথের মধ্যে ১৩১টি ছোট ব্রিজ ও ৩টি বড় ব্রিজ পুনর্র্নিমাণ ও মন্মথপুর, চিরিরবন্দর, কাউগাঁও, কাঞ্চন, বিরল, মঙ্গলপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ এবং ভোমরাদহ রেলস্টেশন পুনর্র্নিমাণ শেষ হয়েছে।

শেষ হওয়ার পরও এ রুটে ঢাকাগামী ব্রডগেজ লাইনের ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/নূহু