রাজবাড়ীর শহীদওহাবপুরে রাস্তা ভেঙে যাতায়াতে দুর্ভোগ

টানা কয়েক মাসের বৃষ্টিতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে খালের মধ্যে দিয়ে তৈরি খ্রিষ্টান মিশন-বাড়ইপাড়া গ্রামের যোগাযোগের প্রধান কাঁচা রাস্তা ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী শতাধিক স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ চার গ্রামের মানুষের দুর্ভোগে পড়েছে। আহলাদীপুর ব্যাপ্টিষ্ট চার্চ শিশু নিকেতন স্কুলের পাশের খালের মধ্যে দিয়ে প্রায় ২শত ফুট কাঁচা রাস্তা ভেঙে গেছে।

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় বাজার ব্যবসায়ী মোল্লাপাড়া, বিশ্বাসপাড়া, বাড়ইপাড়া, দত্তপাড়া এলাকায় শতাধিক ছোট-বড় ব্যবসায়ীগণ, স্কুল কলেজগামী শতাধিক শিক্ষার্থীসহ ওই রাস্তা দিয়েই হাজারো মানুষ প্রতিনিয়ত জেলা শহরসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে থাকেন। আহলাদীপুর ব্যাপ্টিষ্ট চার্চ শিশু নিকেতন স্কুল সামনের সড়কে পার্শ্ববর্তী মাস্টারের বাড়ির গণি মাস্টার, মো. আলম, বাড়ইপাড়া গ্রামের ব্যবসায়ী হাসান, শাহীন, রমজান, শুকুর, মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও আলহাজ নিজাম উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ বিশ্বাসসহ একাধিক ব্যক্তি জানান, আমরা দীর্ঘ দিন যাবত্ চেয়ারম্যান, মেম্বারদের কাছে আলোচনা করার পরও এই অবহেলিত রাস্তাটি সংস্কারের দিকে কেউ লক্ষ্য করছে না।

এ ব্যাপারে শহীদওহাবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান (বাবু) জানান, আমি কয়েকবার এসে কাঁচা রাস্তাটি দেখেছি। রাস্তাটি মেরামতের বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানকে বারবার তাগিদ দিলেও, তিনি কথাটি আমলে নেয়নি।

তিনি আরো বলেন, কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত তিন লাখ পাঁচ হাজার টাকা ও এক লাখ ১০ হাজার টাকা মাটির কাজের জন্য পেয়েছেন ইউপি চেয়ারম্যান। কিন্তু উক্ত বরাদ্দকৃত টাকার কাজগুলো ১ নম্বর ওয়ার্ডের হয়েছে। যে ওয়ার্ডে চেয়ারম্যানের বাড়ি।

শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোরাপ আলী মণ্ডল বলেন, বরাদ্দ আসলে অবশ্যই কাজ করা হবে।

ইত্তেফাক/নূহু