ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যের বই বিক্রি ও অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের সামনে গফরগাঁও-হোসেনপুর সড়কে রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফি,পরীক্ষার ফি'র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও বিদ্যালয় থেকে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন অভিভাবক মোবারক হোসেন দুলাল, আসবাক হায়দার, এমদাদুল হক ,আলতাব হোসেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলী আহমেদ, নবম শ্রেণির ছাত্র জাহীদ হাসান, সপ্তম শ্রেণির ছাত্র সাব্বীর প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে বিতরণের বই বিক্রির সময় বিদ্যালয়ের পাশেই গলাকাটা বাজারে জনতা আটক করে। পরে জনতার হাতে আটক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬ হাজার বই উপজেলা প্রশাসন জব্দ করে।
ইত্তেফাক/জামান