একাদশ জাতীয় সংসদ নির্বাচন

দিনাজপুরে গণসংযোগে ব্যস্ত মনোনয়ন প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দিনাজপুরে সীমিত আকারে নির্বাচনী তত্পরতা শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা শহর-গ্রামে গণসংযোগ শুরু করেছেন। তারা ঈদ, পূজা, ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন উত্সব উপলক্ষে রং-বেরংয়ের পোস্টার ছেপে নিজ নিজ সংসদীয় আসনের ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন। সম্প্রতি ভয়াবহ বন্যার সময় আগামী নির্বাচনে মনোনয়ন পেতে আগ্রহীরা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতাও করেছেন।

এদিকে বিএনপি আগামী সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলাপে জানা যায়, জোটগত নির্বাচনের উপরেই তারা গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপে জানা যায়, আওয়ামী লীগ জোটগত না মহাজোটগতভাবে নির্বাচন করবে তা নির্ভর করছে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের উপর। বিএনপি জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগও জোটগত বা মহাজোটগতভাবে নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে। আর কোনো কারণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ আলাদা নীতি-নির্ধারণ করবে। সে ক্ষেত্রে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে গণ্য করে নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, ইতোমধ্যেই বড় দলগুলো তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। বড় দুই দল অর্থাত্ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন ওয়ারী তাদের প্রার্থী বাছাই করেছে।

ইত্তেফাক/নূহু