সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ফুটপাত দখলমুক্ত রাখতে শনিবার সৈয়দপুরে রাস্তায় নামেন ইউএনও ও এসিল্যান্ড। তারা এসময় অবৈধ দখলদারদের সতর্ক করেন। দোকান হয়েছে গুদাম আর ফুটপাতকে করা হয়েছে দোকান। সৈয়দপুরে এভাবে কতিপয় অসাধু ব্যবসায়ী জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে ওইদিন ফুটপাত দখলমুক্ত রাখতে রাস্তায় নামেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। তারা অবৈধভাবে যারা ফুটপাত দখলে রেখেছেন তাদের মৌখিকভাবে সতর্ক করেন এবং এখন থেকে রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানও চলবে বলে জানান। এসময় থানার এসআই সোলায়মানের নেতৃত্বে ৯ পুলিশ সদস্যও ছিলেন।