রংপুরে ভিমরুলের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

 
রংপুরের বদরগঞ্জে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে নাজমুন্নাহার নামে এক মাদ্রাসাশিক্ষার্থী ভিমরুলের কামড়ে মারা গেছেন।  উপজেলার বর্মতল গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।
 
নাজমুন্নাহার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নুরুজ্জামানের মেয়ে। তিনি ওই উপজেলার ভবানীপুর ফাজিল মাদ্রাসার আলীম দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
জানা যায়, নাজমুন্নাহার রবিবার সকালে বর্মতল গ্রামে বান্ধবী শিরিন আক্তারের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ির সামনে গাছের ডালে থাকা ভিমরুলের বাসা ভেঙ্গে তার শরীরে পড়ে । তাকে শত শত ভিমরুল কামড় দেয়।
 
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নাজমুন্নাহার মারা যান।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব উল দৌলা বলেন,  মেয়েটি ভিমরুলের কামড়ের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
 
ইত্তেফাক/ আরকেজি