খালেদা জিয়া আবেদন না করলে প্যারোল বিবেচনার সুযোগ নেই —তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবান্তর ও অমূলক। কারণ বেগম জিয়া আবেদন না করলে প্যারোল বিবেচনারই সুযোগ নেই। গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আয়োজিত দুই দিনব্যাপী যুব সম্মেলন ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি আবেদন করলেই শুধু সেটি বিবেচনা করার সুযোগ আছে। বেগম খালেদা জিয়া নিজে যদি না চান, তার আগে তাকে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনারই কোনো সুযোগ নেই বা তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা করছে এমনও নয়।’ এসময় বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনসহ তাদের অনেক নেতারা যেভাবে কথা বলছেন মনে হয় তারা একেকজন বিশেষজ্ঞ ডাক্তার। যিনি রোগী তিনি বলছেন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন, তার চিকিত্সা ভালো হচ্ছে। আর যারা নেতা তারা বলছেন এখানে ভালো চিকিত্সা হবে না!’

পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. খলিকুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম এবং উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন।