পাবনার সুজানগরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হতে নারায়নপুর গ্রাম পর্যন্ত নিচু রাস্তাটি উঁচু করণের আগেই নির্মাণ করা হয়েছে ব্রিজ। এতে ব্রিজটি বর্তমানে কোন কাজে আসছেনা। বরং রাস্তা উঁচু করণের কাজ না করে ব্রিজ নির্মাণ করায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে ব্রিজের দু'পাশের এ্যাপ্রোচে কোন মাটি না থাকায় ব্রিজটি গ্রামবাসীর দুর্ভোগের ব্রিজে পরিণত হয়েছে। জানা যায়, নারায়নপুর গ্রাম হতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পর্যন্ত সড়কটি অত্যন্ত নিচু। ফলে বর্ষা মৌসুমে সড়কটি তলিয়ে যায়। এ সময় সড়কটি দিয়ে চলাফেরায় এলাকাবাসীর সিমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তাটি মাটি ভরাটের মাধ্যমে উঁচুকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ রাস্তাটি উঁচু করণের কাজ না করে ওই সড়কের খালের ওপর প্রায় ৫৩লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ওই ব্রিজটি রাস্তা থেকে ১০/১২ফুট উঁচু। তাছাড়া ব্রিজের দু'পাশের এ্যাপ্রোচে কোন মাটি দেওয়া হয়নি। ফলে রাস্তা উঁচুকরণের আগে নির্মিত ওই ব্রিজ এলাকাবাসীর কোন কাজে আসছেনা। বরং দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) আব্দুল করিম বলেন, বর্ষা মৌসুম শেষে রাস্তাটি উঁচুকরণের প্রকল্প গ্রহণ করার পাশাপাশি ব্রিজের দু'পাশের এ্যাপ্রোচে মাটি দেওয়া হবে। আশা করি ওই প্রকল্পের কাজ শেষ হলে ব্রিজটি এলাকাবাসীর জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।
ইত্তেফাক/জামান