সৌদি সাংবাদিক জামাল খাশোগির তোলপাড় করা হত্যাকাণ্ডের ঘটনায় তার সন্তানদের ‘মুখ বন্ধ রাখতে’ কয়েক লাখ ডলার মূল্যের বাড়ি দিয়েছে সৌদি সরকার। শুধু তাই নয়, মাসোহারা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। খাসোগি পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিউইয়র্ক টাইমসকে একথা জানায়। তারা জানিয়েছে, বহু মূল্যবান বাড়ি, মোটা মাসোহারা ছাড়াও ‘ব্লাড মানি’ হিসেবে খাসোগির দুই ছেলে ও দুই মেয়েকে এককালীন দশ লাখ ডলারেরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গোটা বিশ্ব জুড়ে যখন খাশোগি হত্যা নিয়ে প্রবল সমালোচনা আর বিতর্ক চলছিল, সে সময় খাশোগি পরিবার এই হত্যাকাণ্ডের ব্যাপারে মন্তব্য করা থেকে এড়িয়ে গিয়েছে। আশ্চর্যজনকভাবে সৌদি সরকার এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধেও সরব হতে দেখা যায়নি খাশোগি পরিবারকে। তখনই প্রশ্ন উঠেছিল এই হত্যাকাণ্ড নিয়ে খাসোগি পরিবার চুপ কেন?
বাবার হত্যা নিয়ে যাতে জনসমক্ষে মুখ না খোলেন সেজন্য খাশোগি পরিবারের সঙ্গে সৌদি সরকার একটা আলাপ-আলোচনা চালাচ্ছিল বলে ওই সূত্রের দাবি। মুখ বন্ধ করতেই নাকি খাশোগির চার ছেলেমেয়েকে গত বছরে বিলাসবহুল বাড়ি এবং মাসিক ১০ হাজার ডলার অর্থ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌদি বাদশাহ সালমান। যদিও সৌদির সরকারের পক্ষ থেকে এই অর্থ প্রদানকে দেশের দীর্ঘকালীন প্রথা হিসেবেই দাবি করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার বা কোনও ব্যক্তির হত্যার পর তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াই সৌদি সরকারের পুরনো রীতি বলেই জানিয়েছেন এক কর্মকর্তা। মুখ বন্ধ রাখার জন্য খাশোগি পরিবারকে এই অর্থ প্রস্তাব দেওয়া হয়েছে বলে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা নাকচ করে দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ‘এই ধরনের সহায়তা আমাদের রীতিনীতি এবং দেশের সংস্কৃতির মধ্যে পড়ে। এর মধ্যে অন্যায় কিছু নেই।’