গোয়ালন্দে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার পর গোয়ালন্দ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণতলা ও উপজেলার চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
 
নিহতরা হলো গোয়ালন্দ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকার বাচ্চু শেখের মেয়ে সুমনা আকতার (১) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া গ্রামের মানিক শেখের মেয়ে মারুফা খাতুন (৩)।
 
নিহত শিশু মারুফার চাচা হারুন শেখ জানান, রবিবার বিকেলে অন্য শিশুদের সাথে খেলতে খেলতে মারুফা বাড়ির পাশের পুকুরে নামে। অন্য শিশুরা উঠে আসলেও মারুফা আর উঠতে পারেনি। সন্ধ্যায় সে বাড়িতে ফিরে না আসায় ওই সকল শিশুদের কাছে থেকে পানিতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে জাল ফেলে রাত সাড়ে ৮টার দিকে মারুফাকে উদ্ধার করা হয়। এ সময় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।
 
নিহত অপর শিশু সুমনার খালু ইমরান হোসেন জানান, সদ্য হাঁটতে শেখা সুমনা পরিবারের সকলে নজর এড়িয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত দেহ ভেসে ওঠে। এসময় তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান