ভোমরা স্থলবন্দর দ্বিতীয় দিনের মতো বন্ধ

 
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের ন্যায় অব্যাহত রয়েছে। এতে মঙ্গলবারও ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
 
সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস এর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করার প্রতিবাদে তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। এর ফলে উভয় পারে পাঁচ শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
 
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সে দেশের কাস্টমস এর পক্ষ থেকে বসিরহাট থানায় গত ১৭ই আগস্ট  একটি সাধারণ ডায়েরি করা হয়।
 
এরই প্রেক্ষিতে চলতি মাসের ৯ তারিখে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় কাস্টমসের এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে সোমবার থেকে অ্যাসোসিয়েশনের সকল সদস্য অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন। এর ফলে সে দেশের অ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমদানি-রফতানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। আর শ্রমিকদের কর্মবিরতির কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
 
সাতক্ষীরা চেম্বারের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল জানান, এরফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কাঁচামাল ব্যবসায়ীদের বেশী ক্ষতি হচ্ছে। ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার রেজাউল হক জানান, এ ঘটনাটি তিনি শুনেছেন। তারা যথারীতি অফিস খুলে তাদের সকল অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। তবে, আজও পণ্যবাহী কোন পরিবহন আজও প্রবেশ করেনি বাংলাদেশে।
 
ইত্তেফাক/জামান