জাতিসংঘে নেতানিয়াহুর সঙ্গে সিসির সাক্ষাত

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই তারা এ সাক্ষাত করেন। এটি ছিল তাদের প্রথম প্রকাশ্য বৈঠক। মঙ্গলবার সিসির দপ্তর একথা জানায়।
 
প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য সংকটের ব্যাপারে সার্বিক সমাধানে পৌঁছাতে ইসরাইলি ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে পুনরায় আলোচনা শুরু করার ওপর বেশী গুরুত্ব দেন সিসি। বিবৃতিতে আরো বলা হয়, এ দুই নেতা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে পুনরায় আলোচনা শুরু করার উপায় নিয়ে আলোচনা করেন।
 
২০১৪ সালে মার্কিন সমর্থিত আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকেই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রচেষ্টা স্থবির হয়ে রয়েছে। উল্লেখ্য, এর আগেও সিসি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে আলোচনা করেছেন বলে খবর রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু