ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
ইত্তেফাক রিপোর্ট
বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারজাত করা ভোজ্য তেল পরীক্ষা করে তাতে ভিটামিন ‘এ’ পায়নি বিএসটিআই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিএসটিআইকে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে শিল্প মেলার মাধ্যমে ভবিষ্যতে যে পুরস্কার প্রদান করা হবে সেগুলো যেন বঙ্গবন্ধুর নামে জাতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে। বয়লারের কারণে যেন আগুনের সূত্রপাত না হয় এবং সকল কারখানার বয়লার নিয়মিত পরিদর্শন ও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। এছাড়া রপ্তানিযোগ্য ও আমদানি বিকল্প শিল্পের প্রসার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে সার উত্পাদন ও সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মধ্যম আয়ের দেশ বিনির্মাণে পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
একাদশ সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ ও পারভীন হক সিকদার অংশ নেন।
বিমানের আসন যেন খালি না থাকে ঃ এদিকে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিমানের আসন যেন শূন্য না থাকে, সকল টিকিট যাতে বিক্রি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসরকারি খাতের ট্যুর অপারেটর ‘জার্নি প্লাস’- এর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওশানক্রুজ ‘সিলভার ডিসকভারার’ ২০১৭ সালে ২ বার এবং ২০১৯ সালে ৩ বার পর্যটকসহ বাংলাদেশ পরিভ্রমণ করে।