মঠবাড়িয়ায় হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৩, মামলা

 
মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের তিনজন আহত হয়েছেন।
 
তারা হলেন- মুক্তিযোদ্ধা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজেম আলী, স্ত্রী রহিমা বেগম (৬৫) ও ছেলে  রিয়াজ (২৯)।
 
হামলার ঘটনায় মঙ্গলবার সকালে কাজেম আলী বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত  ৩জনকে আসামি করে মামলা করেছেন।
 
জানা যায়, উপজেলার ছোট পাতাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা কাজেম আলীর সঙ্গে একই বাড়ির মৃত নাজেম আলীর ছেলে সোবাহান হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই জমির ভূমি জরিপ চলাকালে সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারকে জমি ও কাগজপত্র দেখানোর সময় বিবাদীরা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলা করেন। এতে কাজেম আলী, রহিমা বেগম (৬৫) ও রিয়াজ (২৯) গুরুতর আহত হয়।
 
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ আরকেজি