‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতাবাদী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন শেখ হাসিনা’

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ১৯৭১ সালে কোটি বাঙালি শরনার্থীকে আশ্রয় দিয়ে ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী বিশ্বনন্দিত নেত্রী হয়েছিলেন। আর ২০১৭ সালে মায়ানমারের লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে মানবতাবাদী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর পরাস্ত হয়েছেন নোবেলজয়ী মায়ানমারের নেত্রী অং সান সুচি। 
 
মঙ্গলবার সকালে  খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান সংলগ্ন মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন ৭৫ নং ওয়ার্ড ( সাবেক নাসিরাবাদ ইউনিয়ন) এর ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন মানুষের পাশে দাড়ানোর জন্য ‘নোবেল লরিয়েট নয়, দরকার  নোবেল ওয়ার্কার।’ এ কারণে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছে ব্রিটিশ মিডিয়া। আপরদিকে শান্তিতে নোবেল জয়ী অং সান সূচি প্রমাণ করেছেন যে, তিনি মানুষ হত্যার মহানায়ক। আর আমাদের দেশের নোবেলজয়ী ড. ইউনুস প্রমাণ করেছেন, দেশের কোনো সমস্যায় কোনোদিন তাকে পাওয়া যাবে না। দেশে বন্যার্তদের জন্য এক টাকা না দিলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের নির্বাচনি ফান্ডে কোটি কোটি ডলার দিয়ে আসেন ড. ইউনুস। 
 
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রধান বক্তা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। নাসিরাবাদ  ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু,  সহ সভাপতি মাইনউদ্দিন রানা সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা,  মুরসালিন আহম্মেদ, খোরশেদ আলম মাসুদ,  যুগ্ম সম্পাদক এ কে এম মোমিনুল হক সাঈদ, ওমর ফারুক, সাংগঠনিক, মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য এমদাদুল হক এমদাদ, গাজী মাজাহারুল ইসলাম, আলতাব হোসেন, সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক আরমান হক বাবু প্রমুখ।
 
সম্মেলন শেষে  নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করে ৭৫  নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।  সভাপতি পদে মনির হোসেন মোল্লা, সহ সভাপতি পদে আমজাদ হোসেন, মোঃ জুয়েল,  সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোমেন কে নির্বাচিত করা হয়। 
 
ইত্তেফাক/রেজা