চবিতে সাংবাদিককে কুপিয়েছে ছাত্রলীগ

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়েছে কয়েকজন ছাত্রলীগ কর্মী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক পার্থ বণিক অর্থসূচকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য।
 
তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি বিশ্বদ্যিালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাওল হলের সামনে অবস্থিত ক্যান্টিনে দুপুরে খাবার খেতে যান পার্থ। সেখানে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান, একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের আলআমিন ও সোহান অবস্থান করছিলেন। এসময় পার্থর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয় । কথাকাটাকাটির পর পার্থ আবারও ক্যান্টিনের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন তার পেটে ছুরি দিয়ে আঘাত করেন ইমরান ।পরে আলআমিন ও সোহান ক্যান্টিনের রান্নার নাড়ানি (কুন্তি) দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।
 
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার মো. আবু তৈয়ব বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে পার্থের মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।’
 
পার্থ জানান, ‘কোনো কারণ ছাড়াই তারা আমাকে অশ্লীলভাবে গালাগালি করেছে। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করলে তারা উল্টো আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
এদিকে পার্থকে মারধরের সঙ্গে জড়িতরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি মো. রেজাউল হক রুবেলের অনুসারী বলে জানা যায়।
 
রেজাউল হক রুবেল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন থেকে যে শাস্তির ব্যবস্থা নিবে সে বিষয়ে আমাদের কোন  আপত্তি নেই।
 
ইত্তেফাক/ আরকেজি